
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা ফুলছড়ির বাদুড়িয়া গ্রামের আলোচিত এক টাকার শিক্ষক মোঃ লুৎফর রহমান (৭৪)। কখনো হেঁটে, আবার কখনো সাইকেল চালিয়ে ৫০ বছর ধরে জ্ঞান বিলিয়ে যাচ্ছেন। তিনি ফুলছড়ির গুনঘড়ি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে মেট্রিক পাস করেন।
নিজে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আক্ষেপ থেকে শিশুদের ঝরে পড়া রোধে বিনা পয়সায় পড়ানো শুরু করেন তিনি। পরে অভিভাবকদের অনুরোধে এক টাকা পারিশ্রমিক নেওয়া শুরু করেন। এখন এক টাকার মাস্টার হিসেবে পরিচিত এই বিদ্যানুরাগী। জীবনের শেষ সময় পর্যন্ত চালিয়ে যেতে চান তার জ্ঞানের আলো ছড়ানোর কাজ।
এতে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন গাইবান্ধা জেলায়। পুরস্কারও পেয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে।
লুৎফর রহমান বলেন, ১৯৭২ সালে মেট্রিক পাস করার পর পরিবারের অভাব অনটনে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এ কারণে আমি গ্রামের অসহায় ও গরিব ছেলেমেয়ে, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারত না, তাদের বাড়ি বাড়ি হেঁটে বা সাইকেলে করে বিনামূল্যে পড়াশোনা করাতাম। তারপর অভিভাবকদের অনুরোধে এক টাকা করে গ্রহণ করি।