
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
শিক্ষার্থীদের দেশ ও জনসেবার মনোভাব নিয়ে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন এসকেএস ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। তিনি বলেছেন, “শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তাহলেই সবাই শিক্ষার প্রকৃত সুফল পাবে। আজ ১৫ সেপ্টেম্বর ২০২৪, গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, “শিক্ষা যেন শুধু ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থে সীমাবদ্ধ না থাকে। শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দরিদ্র মেধাবী ১৮ জন কলেজ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের অর্থ পরিচালক খোকন কুমার কুন্ডু, ক্ষুদ্রঋণ কর্মসূচির পরিচালক ইমরান কবির, এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার।