
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’এর উদ্যোগে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর- ২০২৫” শীরোনামে এ প্রকল্প পরিচালিত করেন শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের মাধ্যমে গাজার ২৫টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রেরণ করা হয়, যা থেকে প্রায় দেড় শতাধিক মানুষ উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান কবির ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াতে ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’ গঠন করেন। পরে তার বিভাগের বন্ধু ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম হাসান, মাসুদ রানা, সৌরভ হোসেন ও ইশতিয়াক হোসেনসহ অন্যরা ফাউন্ডেশনের কাজ বাস্তবায়নে সাহায্য করেন। এই ফাউন্ডেশনের অধীনে প্রথম পর্যায়ে “ফুড প্রজেক্ট জুলাই- ২০২৫” প্রকল্পের মাধ্যমে গাজার মানুষদের শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যাতে মোট ব্যয় ছিল ৮০০ ডলার, যা তারা বিভিন্ন সুধী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগ্রহ করেন। এর আগেও এ ফাউন্ডেশনের পক্ষ থেকে গাজাবাসীর নিকট সাহায্য প্রেরণ করা হয়।
‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’- এর প্রতিষ্ঠাতা রায়হান কবির বলেন, ‘ফিলিস্তিনে একজন স্বেচ্ছাসেবী ভাইয়ের মাধ্যমে আমার প্রথম যোগাযোগ হয়। তখনই সহযোগিতার সুযোগ সম্পর্কে জানতে পারি। পরে স্থানীয় কয়েকজনকে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে আমরা দ্বিতীয় পর্যায়ে ৮০০ ডলার ফিলিস্তিনে পাঠাতে সক্ষম হই। ইবিতে ভর্তি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়, যেখানে পরিচালনা কমিটির প্রধান করা হয় আমার বন্ধু আরাফাতকে।
ফাউন্ডেশনের পরিকল্পনা নিয়ে তিনি জানান, ‘বর্তমানে আমরা হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি দাতা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ করে যাচ্ছি। আশা করছি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করে বৃহৎ আকারে ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়াতে পারবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।’