
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, কাচারীভিটা বাজারের নতুন তাজের মুদি দোকান থেকে থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে নতুন তাজের মুদি দোকান, কাজী সোহরাব হোসেনের ফার্মেসি, কাজী শাহজাহানের সার ও কীটনাশকের দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী, নতুন তাজ ও কাজী সোহরাব হোসেন জানান, আগুনে তাদের ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।