
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে দুর্বৃত্তের ধারালো বটির আঘাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এক বীরমুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ায় নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামাণিক (৭২)। পরে প্রতিবেশিরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার দুই ছেলে চাকরির কারনে বগুড়ায় পরিবার নিয়ে অবস্থান করায় গোবিন্দগঞ্জের বাড়িতে তিনি একাই থাকতেন।
প্রতিবেশিরা জানান, ঘটনার দিন তিনি বাড়িতে একা ছিলেন। মাঝরাতে হঠাৎ দরজায় শব্দ শুনে পরিচিত কেউ ভেবে দরজা খুলে দিলে তাৎক্ষণিক এক দুর্বৃত্ত জোরপূর্বক তার ঘরে ঢোকে। পরে দু’জনের ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এসময়কার তিনি চিৎকার-চেঁচামেচির করলে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই দুর্বৃত্ত পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার তদন্ত চলছে।