
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমাদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাজী বিল্লাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা নজরুলের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম, কালজয়ী সংগীত এবং অন্যায়-শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তুলে ধরেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত অনুষ্ঠিত হয়। নবনী ও রাত্রী নজরুলসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে, মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতায় নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।