
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে সরকারি কলেজের দেয়ালে দেয়ালে একদল শিক্ষার্থীরা গ্রাফিতি এঁকেছেন। এসব ছবিতে ফুঁটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস।
সরজমিনে শুক্রবার (১৬ই আগস্ট) দেখা যায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। সরকারি বেসরকারি কলেজ এবং বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন। এছাড়া শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে তুলে ধরা হয়েছে ‘বল বীর চির উন্নত মম শির’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’, ‘তারা কি ফিরবে এই সুপ্রভাতে?’ এমন স্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠছে জেলার বিভিন্ন দেয়ালে।
এ বিষয়ে বেসরকারি স্কুলের শিক্ষিকা মোসাঃ খাতিজা বেগম বলেন, শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে ‘শিক্ষার্থীদের’ অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ গ্রহণ করেছে।
এ বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ‘নতুন করে স্বাধীনতার ইতিহাস ধরে রাখা এবং অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার লক্ষ্যই আমাদের লক্ষ্য।’
তাছাড়া এসব সুন্দর নান্দনিক গ্রাফিতি আঁকায় পথচারীরা অবাক চোখে চেয়ে থাকেন। অনেকে দাঁড়িয়ে ছবিও তুলেন। জেলার অপরিচ্ছন্ন প্রতিটি দেয়াল কালো, সাদা, লাল, নীল, হলুদসহ নানা রঙে জল তুলির আঁচড়ে রাঙানোই যেন শিক্ষার্থীদের লক্ষ্য। আর এসব নান্দনিক দৃশ্য লেখা ফুটিয়ে তোলার মাঝে লক্ষ্য করা যায় সবার চোখে মুখেই যেন একপ্রকার বিজয়ের হাসি।
