
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নজির হোসেন (৮০) নামের এক প্রবীণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজারভিটা গ্রামের মৃত জহুরুল হকের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে নজির হোসেন পোস্ট অফিস মোড় হয়ে থানাহাট বাজারের দিকে হাঁটছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর লোকজন দ্রুত তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবহিত নন। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।