
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী সদর উপজেলা বোয়ালমারি গ্রামে যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক কারবারি স্বামী ও স্ত্রীকে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ২টায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন বোয়ালমারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারেক আজিজ (৩৫) ও তার স্ত্রী সজনী খাতুন (৩৫)।অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার বোয়ালমারি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ওই গ্রামের অভিযুক্ত তারেক আজিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ তার স্ত্রীকে আটক করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত স্বামী-স্ত্রী অনেকদিন যাবত মাদক কেনা-বেচা করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী একটি টিম উপস্থিত ছিলেন।আটককৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন