
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা ভারতীয় শাড়ির সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
বিজিবি আরও জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।