
কালাই প্রতিনিধি
কালাই উপজেলায় গত ১২/১০/২০২৫, ৯৯টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে সরকারি বরাদ্দের বাইরে সংগৃহীত সহায়তায় বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের অর্থায়ন করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা One Ummah Charity, UK, আর বাস্তবায়নের দায়িত্ব পালন করছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও AMAL Foundation।
এই সংস্থার প্রতিষ্ঠাতা এসরাত করিম ঈভ, যিনি Forbes 30 Under 30 Asia তালিকায় স্থান পেয়েছেন, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত AMAL Foundation ইতোমধ্যে বাংলাদেশজুড়ে অসংখ্য এলাকায় টিউবওয়েল স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ ও কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করছে।
গত বছর কালাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সরকারি বরাদ্দে ৬০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছিল। তবে তখনও বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে, যার অনেকগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি। চলতি বছরে সেই অপেক্ষমাণ আবেদনগুলোর পাশাপাশি নতুন আবেদনও যুক্ত হয়, ফলে মোট আবেদন সংখ্যা দাঁড়ায় প্রায় ১৩০টি।
উপজেলা প্রশাসন কালাই, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সমন্বয়ে এই আবেদনগুলো যাচাই-বাছাই শেষে AMAL Foundation-এর প্রতিনিধি দল বাড়ি বাড়ি পরিদর্শন করে সবচেয়ে উপযুক্ত ৯৯টি পরিবার নির্বাচন করে। আজ সেই পরিবারগুলোর হাতে প্রতীকীভাবে টিউবওয়েল হস্তান্তর করা হয়। আগামী দুই মাসের মধ্যে নিয়োজিত কারিগরদের মাধ্যমে টিউবওয়েলগুলো স্থাপন সম্পন্ন হবে।
যেসব পরিবার এবার টিউবওয়েল পাননি, তাদের আবেদনগুলো সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি বা বেসরকারি নতুন বরাদ্দ এলে সেসব আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং AMAL Foundation-এর প্রতিনিধি ফাইজুল-এর অবদানের প্রশংসা করা হয়, যিনি টানা কয়েকদিন মাঠ পর্যায়ে থেকে যাচাই ও বিতরণ কার্যক্রমে পরিশ্রম করেছেন।
তবে কালাইয়ের তরুণদের জন্য ক্যারিয়ার বিষয়ক সেশনে অংশগ্রহণ না করা পর্যন্ত এসরাত করিম ঈভ-এর প্রতি “ধন্যবাদ বাকী” রইল বলে মজার ছলে মন্তব্য করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।