
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃত লামিয়া কামাল হাওলাদারের মেয়ে এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।’
নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।