
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদরে গ্রাম আদালত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্পের আওতায়।
শনিবার (২৩ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।
কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সাঈদ আহমেদ, উপজেলা সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।