
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হয়েই মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ টাঙ্গাইল-১ আসন পুনরুদ্ধার করে ব্যাপক আলোচনায় আসেন।
প্রায় ২৫ বছরের রাজনৈতিক সংগ্রাম, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে এলাকা।
স্থানীয়দের প্রত্যাশা, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান খাতে তার নেতৃত্বে এ অঞ্চলের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং আধুনিকায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
নবনিযুক্ত মন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন,
“এটি শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, টাঙ্গাইল-১ আসনের জনগণের সম্মান। প্রধানমন্ত্রী ও দলের আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো। দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে কাজ করতে চাই।”
এদিকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—তার নেতৃত্বে মধুপুর-ধনবাড়ী আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।