
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার (৪৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
দ্বিতীয় অভিযানে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিহাতি থানার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি ময়না বেগম (৪০) ও শাহাদাৎ হোসেন (২৫)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ৩২ লাখ ৫০ হাজার টাকা।
তৃতীয় অভিযানে গত ১৭ ডিসেম্বর টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলাম (৪০)-কে ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব-১৪ ও র্যাব-৪ এর যৌথ দল অংশ নেয়।
চতুর্থ অভিযানে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফা (৫৫)-কে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ২০২৫ সালের জুন মাসে এক গৃহবধূকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় অভিযুক্ত।
পঞ্চম অভিযানে যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি নাঈম (২৫)-কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।