
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ৩ বছরের শিশু ধর্ষণচেষ্টা, ধর্ষণ এবং অপহরণসহ ধর্ষণের পৃথক তিনটি মামলায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল)। গত বুধবার (২২ জুলাই) বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ বিষয়টি নিশ্চিত করেছে।
১. ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
র্যাব জানায়, গত ৮ জুন দেলদুয়ার এলাকায় তিন বছরের এক শিশু খেলাধুলার একপর্যায়ে সিয়াম ওরফে বাবু ওরফে শুভ (১৮) নামে এক যুবকের দ্বারা ধর্ষণচেষ্টার শিকার হয়। ওই ঘটনায় ১৩ জুন ভিকটিমের বাবা দেলদুয়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার মডেল মসজিদ সংলগ্ন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২. স্কুলছাত্রীকে ধর্ষণ
অন্য এক ঘটনায়, নবম-দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) প্রেমের প্রস্তাব ও নানা প্রলোভন দেখিয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে বসতঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে মোঃ সাদিকুল (১৯) নামে এক তরুণ। এ ঘটনায় ভিকটিমের নানি টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ২২ জুলাই সন্ধ্যায় র্যাব-৪ (নবীনগর)-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৩. কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ
এদিকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ মে স্থানীয় বাজারে যাওয়ার পথে এক কলেজছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মোঃ রাজিব (৩৭) নামে এক ব্যক্তি। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ বিষয়ে ভিকটিমের মা আদালতে পিটিশন দায়ের করলে আদালতের আদেশে নাগরপুর থানায় মামলা নথিভুক্ত হয়। ঘটনার পর গত ২২ জুলাই রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানার রাজাবাড়ী নিচান্তাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।