
মোঃ মিন্টু শেখ
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২৮ তারিখের বিএনপি কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে কি না সে ব্যাপারে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আমরা বলেছি, ঢাকায় এখন এত লোক বাস করছে এর মধ্যে যদি বিএনপি ১০ লাখ লোক জড়ো করে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে।
২৮ তারিখে বিএনপি যেন সমাবেশের নামে সহিংসতা না করে সে ব্যাপারে বিএনপির প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা শহরকে আমরা অচল হতে দেবো না।
আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে যতক্ষণ শান্তিপূর্ণ সমাবেশ করবে ততক্ষণ। যদি ভায়োলেন্স করে সে সময় পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে তারা।
আজ রোববার ২২ অক্টোবর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূজাগুলো শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা, সরকার এ ব্যাপারে তৎপর আছে কিনা এ ব্যাপারে জানতে চেয়েছেন পিটার হাস। তাকে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তাই সবাই শান্তিপূর্ণভাবে পূজা করছে।
এদিকে, শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গা উৎসব হয় সেই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে বলে জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সচিবালয় থেকে বেরিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পূজার মতো একইরকমভাবে পূজার পর ২৮ তারিখের যে রাজনৈতিক কর্মসূচি হবে সেটাও যাতে শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হয় সে ব্যাপারে আলোচনা হয়েছে।