
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে এক বিশালাকার টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) বিকেল ৩:৩০ মিনিট থেকে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত পাথরের ৭টি স্থান (সাইট) থেকে আনুমানিক ২৫,০০০ (পঁচিশ হাজার) সিএফটি পাথর এবং পাথর ভাঙার কাজে ব্যবহৃত ৫টি মেশিন জব্দ করা হয়। এ ছাড়া অবৈধ পাথর পরিবহনের সময় ৪০০ সিএফটি পাথরসহ ১টি ট্রাক আটক করা হয়েছে। এ বিষয়ে ডিমলা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানটি সফলভাবে পরিচালনা করেন ডিমলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: ইমরানুজ্জামান। অভিযান পরিচালনাকালে টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সীমান্তে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, তিস্তা নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।