
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট হাইস্কুল মাঠে চলমান ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র্যাফেল ড্র-এর নামে প্রকাশ্যে জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্থানীয় জনসাধারণের পক্ষে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়, সাহাপাড়া ও রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, তুলসীঘাট হাইস্কুল মাঠে মেলার নামে প্রতিদিন র্যাফেল ড্র আয়োজনের মাধ্যমে জুয়া ও অশ্লীলতা চলছে। এলাকার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। আগামী নভেম্বর মাসে স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা থাকলেও প্রতিদিন ৭০-৮০টি মাইকে র্যাফেল ড্র-এর প্রচারণা চালানো হচ্ছে, যা শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে এবং স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, মেলার আয়োজকরা অনুমতি ছাড়াই গাইবান্ধা জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে। এতে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
তারা অভিযোগ করেন, এভাবে জুয়া ও অশ্লীলতা চলতে থাকলে স্থানীয় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে, যার দায় প্রশাসনকেই নিতে হবে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন,
১. মোঃ শাহারুল ইসলাম সুমন, সভাপতি, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপি।
২. মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সভাপতি, ৪নং সাহাপাড়া ইউনিয়ন বিএনপি।
৩. মোঃ মোস্তফা কামাল, সভাপতি, ৯নং খোলাহাটী ইউনিয়ন বিএনপি।
৪. গোলাম রসুল মৃধা রুবেল, সাধারণ সম্পাদক, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন বিএনপি।
৫. শ্রী বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক, ৪নং সাহাপাড়া ইউনিয়ন বিএনপি।
৬. মোঃ সুমন মিয়া (মন্টু), সাধারণ সম্পাদক, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি।
স্মারকলিপিতে অবিলম্বে র্যাফেল ড্র বন্ধ ও মেলায় জুয়া-অশ্লীলতা প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।