
মো নুর আল জান্নাত
বকশিগঞ্জ, জামালপুর প্রতিনিধি।
জামালপুর পৌরসভার দায়িত্ব পালনকালে গেইটপাড় এলাকায় হামলার শিকার হয়েছেন জামালপুর পৌরসভার কর্মচারী ও স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের একজন সক্রিয় ভলেন্টিয়ার এস বি বিদ্যুৎ (SB Biddut)। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এস বি বিদ্যুৎ নিয়মিতভাবে জামালপুর পৌরসভার আওতাধীন বিভিন্ন অপরিষ্কার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেন। কাজ শেষে তিনি সংশ্লিষ্ট স্থানের ছবি তুলে পৌরসভার সিনিয়র কর্মকর্তাদের কাছে জমা দিয়ে থাকেন। ঘটনার দিনও তিনি তার দায়িত্ব শেষ করে জামালপুর গেইটপাড় ওভারব্রিজের ওপর কিছু ছবি তুলছিলেন।
এ সময় ওই এলাকায় অবস্থানরত কিছু বখাটে যুবক ও যুবতীরা ভুলবশত ধারণা করে যে, তাদের ছবি তোলা হচ্ছে। এই ভুল বোঝাবুঝির জের ধরেই তারা হঠাৎ এস বি বিদ্যুতের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে তিনি আহত হন।
ঘটনার পর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ দায়িত্ব পালনরত কোনো কর্মকর্তা বা স্বেচ্ছাসেবীর ওপর হামলা করার সাহস না পায়।
এ ঘটনায় দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহলসহ সর্বস্তরের মানুষ।