
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মেহেদী (২২)কে গ্রেপ্তার করেছে এসআরবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে জেলার মধুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।
এসআরবির প্রেস রিলিজে জানানো হয়, এজাহার অনুযায়ী ভুক্তভোগী ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী। গত ১১ জুলাই বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে স্কুলে কোচিং করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা মেহেদীসহ তার সহযোগীরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে মেহেদী তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৯ জুলাই ধনবাড়ী থানায় মামলা করেন। মামলার নম্বর-১০। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৭/৯(১)/৩০ ধারায় করা হয়।
এসআরবি জানায়, মামলার পর থেকেই আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। মেহেদীকে গ্রেপ্তারের লক্ষ্যে সিপিসি-৩, এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মধুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।