
মুহাম্মাদ আবু সালেহ্ মুসা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২১ শে মার্চ শুক্রবার বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলের হামলা এবং ভারতের নাগপুরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর চালানো নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি কাওছার হাবিবের নেতৃত্বে বাদ জুমা উপজেলা সদরের নিমতলী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আমাইতাড়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ আব্দুল্লাহ্, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধামইরহাট উপজেলা সভাপতি কাওছার হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধামইরহাট উপজেলা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ধামইরহাট উপজেলা সেক্রেটারি নাজমুল হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা এবং ভারতের নাগপুরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ।