
নওগাঁ প্রতিনিধি:
সীমান্ত সুরক্ষা জোরদার এবং সীমান্ত অপরাধ দমনে নওগাঁর সাপাহার উপজেলায় ১৬ বিজিবি’র নবপ্রতিষ্ঠিত ‘নব আদাতলা’ সীমান্ত ফাঁড়ি (বিওপি) ক্যাম্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় নবনির্মিত এই বিওপি ক্যাম্পের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিওন রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি প্লাস।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। অনুষ্ঠানে বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “বিজিবি সদস্যরা দিন-রাত সব ধরণের প্রতিকূল পরিবেশ পেরিয়ে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত রক্ষার এই মহান দায়িত্ব পালনে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের তথ্যগত সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘নব আদাতলা বিওপি’ চালুর মাধ্যমে সীমান্ত সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।
ক্যাম্পের যৌক্তিকতা তুলে ধরে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সাপাহার উপজেলার আদাতলা এবং করমুডাঙ্গা বিওপি’র মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। বিশাল এই সীমান্ত এলাকা স্বল্পসংখ্যক সদস্য দিয়ে পাহারা দিয়ে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ করা বেশ কঠিন হয়ে পড়ছিল। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিজিবি মহাপরিচালকের অনুমোদনে এই নতুন বিওপি প্রতিষ্ঠা করা হলো।
তিনি আরও জানান, ‘নব আদাতলা বিওপি’ উদ্বোধনের মাধ্যমে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মোট বিওপি’র সংখ্যা দাঁড়াল ১৩টিতে। সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে ভবিষ্যতে আরও দুটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।#