
খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ নামের প্রধান ফটকটি নামহীন ভাবে পড়ে আছে। গত ০৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ প্রধান ফটকের নাম খুলে গেলে, ০৯ সেপ্টেম্বর পুনরায় তা লাগানো হয়। পরবর্তীতে প্রাকৃতিক ঝড়ে আবার ফটকের নামটি পড়ে যায়। সেই থেকে দুই সপ্তাহ যাবৎ নামহীন হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে খুবির প্রধান ফটকের নাম করা হয় “শহীদ মীর মুগ্ধ তোরণ”। তখন স্থায়ীভাবে নামটি লেখা হয়েছিল না। একটা ব্যানারে ‘শহীদ মীর মুগ্ধ তরণ’ লিখে মেইন গেটের দেওয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ নামটি ঝড়ে পড়ে যায় । এরপর প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে মেইন গেটের দেওয়ালে কোনো ব্যানার নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, “আমরা এ বিষয়ে অবগত আছি। ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ নামটি বানাতে দেওয়া হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর আমরা হাতে পাবো। আমরা হাতে পেলেই মেইন গেটে সংযুক্ত করে দিব।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের বলেন, “আমরা আসলে জানি না বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ নামটি ছিঁড়ে গেছে। এ বিষয়ে আমি প্রথম তোমার কাছ থেকেই শুনলাম। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে”।