
চৌদগ্রাম প্রতিনিধিঃ
টিকা নিয়ে মানুষের ভুল ধারনা দূর করতে ও উপজেলার মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মধ্য দিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে রবিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে।
এ রোগ থেকে বাচ্চাদের মুক্ত রাখতে টিকা গ্রহনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও
স্বাস্হ্য সচেতনতার প্রতি অভিভাবকদের বেশি যত্নবান হতে হবে।
ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের উপজেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৪৮ হাজাররের বেশি। ইতোমধ্যে ৯২ শতাংশ টিকা নিবন্ধন সম্পন্ন হয়েছে। টিকা নিবন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা সারাদেশে শীর্ষে রয়েছে দাবি করে তিনি বলেন, টিকা প্রদানেও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই।
ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়েদুর রহমান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: এমদাদ উল্ল্যাহ, সেক্রেটারি বেলাল হোসাইন, মুন্সীরহাট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।