
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর রতনীবাড়ি সীমান্ত এলাকা থেকে একটি নীলগাই প্রাণী ধরা পরল পঞ্চগড়ে।
ফসলের খেতে ছোটাছুটি করছিল দেখতে ঘোড়ার মতো একটি প্রাণী। প্রাণীটির পেছনে দু-একজন ছুটতে ছুটতে শতাধিক লোক জড়ো হন। প্রায় তিন কিলোমিটার ছোটাছুটির পর ভারত সীমান্তঘেঁষা পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় প্রাণীটি। পরে তাড়া করা লোকজন প্রাণীটি ধরে নদীর ধারে তোলেন। খবর পেয়ে বিজিবি সদস্যদের সহায়তায় বন বিভাগের কর্মীরা উদ্ধারের পর প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত হন।
পরে পাঙ্গা নদী থেকে বিকেল সোয়া চারটার দিকে নীলগাইটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা পঞ্চগড় সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা দিয়ে সন্ধ্যায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে প্রাণীটিকে খাবার দেওয়া হয়েছে।
এ বিষয়ে সামাজিক বন বিভাগ পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা তাড়া করে গাইটিকে আটক করে রাখে। আমরা উদ্ধার করে বন বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করবো। নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভীতু। মানুষ দেখলে তারা ভয় পায়। নীলগাইটির বয়স দুই আড়াই বছর হতে পারে। এবং এটি বিলুপ্ত প্রজাতির মাদি নীলগাই।’