
জেলা প্রতিনিধি, নীলফামারী:
শারদীয় দুর্গোৎসবে নীলফামারীর সৈয়দপুর হয়ে রংপুরের ধর্মসভা ও রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ নিয়ে সৈয়দপুর শহর জুড়ে বইছে আনন্দের আমেজ, চলছে পথঘাট সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড টাঙানো হচ্ছে পুরো শহর জুড়ে। সড়কের ডিভাইডার সংস্কার ও রং করার পাশাপাশি ময়লার স্তূপ গুলোতে বালু দিয়ে ঢেকে সুসজ্জিত করা হচ্ছে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং বেলা ১১টায় রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে হয়ে বিমানযোগে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার সাংবাদিকদের বলেন, “ প্রধানমন্ত্রী সৈয়দপুর হয়ে সড়কপথে রংপুর যাবেন। তাঁর আগমন ঘিরে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে আমরা পুরোপুরি প্রস্তুত।”
রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার সাংবাদিকদের জানান, “প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
জানতে চাইলে, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “ প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এজন্য পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, ডিভাইডার মেরামত ও রং করার কাজ চলছে।”
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ বইছে জাতীয়তাবাদী দল বিএনপি)র জেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝেও। নেয়া হয়েছে বর্ণিল ভাবে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি নিয়েছেন, এমনটি জানিয়েছেন জেলার শীর্ষ নেতারা।
জেলা পুলিশের ঊর্ধ্বতন সুত্রগুলো বলছে“প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশের বিশেষ টিম।”