
নওগাঁ প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ সদরের খাস নওগাঁ এলাকার রাহিম (২১) ও অপূর্ব (১৮), এবং চকদেব নুনিয়াপট্টি এলাকার প্রেম (২০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতিতে ও বেপরোয়া ভাবে দুটি মোটরসাইকেল নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা দুই বন্ধু আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলেও জানা গেছে।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#