
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
বিএনপি-জামায়াতকে স্বাধীনতাবিরোধী শক্তি ও উগ্র সন্ত্রাসী দল আখ্যায়িত করে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, তারা রাষ্ট্রের শত্রু, স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু।
সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনিই এটা পারবেন। বিএনপি-জামায়াতের মতো স্বাধীনতাবিরোধীদের নিষিদ্ধ করলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
দেশ ও স্বাধীনতাকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো স্বাধীনতাবিরোধী শক্তি যাতে রাজনীতি করতে না পারে, সে জন্য দাবি জানাচ্ছি। তাদের নিষিদ্ধ করতে হবে। এরা যেন রাজনীতির নামে দেশে খুন, সন্ত্রাস ও অরাজকতা করতে না পারে। যাকেই ধরতে পারবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনো দয়া-মায়া দেখানোর সুযোগ নেই।’
তিনি আরও বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এরা জঙ্গি সন্ত্রাসী স্বাধীনতাবিরোধী গোষ্ঠী। তাদের এ দেশে রাজনীতির কোনো অধিকার নেই। তারা সংবিধানের তোয়াক্কা করে না। যারা সংবিধান, নির্বাচন মানে না, তারা আবার কী রাজনীতি করবে?
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠনেরও প্রস্তাব করেন শেখ ফজলুল করিম সেলিম।