
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মুনতাসিম সরকার সৌরভ
রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর উদ্যোগে চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’ শুরু হচ্ছে আগামী ১২ এপ্রিল। মেলাটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল বিকেল ৩টায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আয়োজকেরা জানান, বইমেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা অংশগ্রহণ করবে। মেলায় থাকবে বিভিন্ন ধরণের বইয়ের স্টল, যেখানে পাঠকেরা নতুন ও পুরোনো প্রকাশনার বই সংগ্রহের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, সাহিত্য আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে, যা মেলাকে প্রাণবন্ত করে তুলবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করাই এ বইমেলার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ‘শহিদ আবু সাঈদ’-এর স্মৃতিকে ধারণ করে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রয়াসও রয়েছে এই আয়োজনের মধ্যে।
মেলার সার্বিক কার্যক্রম গণমাধ্যমে যথাযথভাবে প্রচার ও কভারেজ নিশ্চিত করতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, পাঠক, শিক্ষার্থী, শিক্ষক ও সংস্কৃতিমনা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বইমেলাটি একটি জ্ঞান ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হবে।