
মোকার্রেমা খাতুন
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেন মহিলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মধ্যরাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১২টার দিকে জেবুন্নেসা হল থেকে শুরু হওয়া এই মিছিল কলেজের মূল ফটক পর্যন্ত গড়ায়।
মিছিলে শিক্ষার্থীরা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন—
“ছাত্রদলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না”
“লীগ গেছে যেই পথে, যুবদলও সেই পথে”
এসব স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজের হলপাড়া। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইডেন কলেজে রাজনৈতিক দখলদারিত্ব দিন দিন বেড়েই চলেছে।
বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা বলেন, “এই ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি—বাম, ডান বা ছাত্রদল—চলবে না।”
তাদের ভাষ্য মতে, “যেভাবে একসময় ছাত্রলীগ হল দখল করে রেখেছিল, এখন ছাত্রদলের ছায়াতলে সেই পুরনো দৃশ্য ফিরে আসছে।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কয়েকটি হলে ছাত্রদলের নেত্রীদের প্রভাব ও দখলদারিত্ব বেড়েছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে তাদের হল ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।
এই ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এমন ঘটনায় ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।