
মো : নুর আল জান্নাত
জামালপুরের দেওয়ানগঞ্জে ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো মানবিক ও সেবাধর্মী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই উপলক্ষে আয়োজন করা হয় একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান।
আয়োজনটি পরিণত হয় এক অনন্য মানবিক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেওয়ানগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিকল্পনা প্রধান ডাঃ আহসান হাবিব, এবং ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান জনাব জহুরুল ইসলাম স্যার।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন, রাসেল হোসেন, এবং জামালপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনেকে প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এই আয়োজনে মানবতার বার্তা পৌঁছে যায় তরুণ প্রজন্মের হৃদয়ে।
অনুষ্ঠানের আলোচনায় বক্তারা রক্তদানের প্রয়োজনীয়তা, স্বেচ্ছাসেবী মানসিকতা, এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নিয়মিত ও জরুরি রক্তদানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
এই সম্মাননা ছিল তাঁদের নিঃস্বার্থ পরিশ্রমের স্বীকৃতি ও ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশগ্রহণকারীরা আবেগ, আনন্দ ও মানবতার এক অপূর্ব সংমিশ্রণে অনুষ্ঠানটি উপভোগ করেন।
এই আয়োজন প্রমাণ করেছে—তরুণ সমাজ চাইলে মানবতার পক্ষে বড় পরিবর্তন এনে দিতে পারে।
“ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি” সেই পরিবর্তনেরই এক দীপ্ত নাম।