
নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে সমুর্ত্ত জাহান মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যোতিষ চন্দ্র সাহা রায়। কিন্তু জানা গেছে ২০২০ সালের ৫ই জানুয়ারি থেকে তিনি বিধি বহির্ভূতভাবে এই দায়িত্বে রয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা গত চলতি বছরের ২৯ মে স্মারক নং- ০৭ (ঢ-৬৬২) জাতীয় বি:/কোড-৫২৪১/২০৪০নং স্মারকপত্রে জ্যোতিষ চন্দ্র সাহা রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক সর্বশেষ জারিকৃত নীতিমালা মোতাবেক উপাধ্যক্ষ/ জ্যেষ্ঠতম ০৫ জন শিক্ষকের মধ্য থেকে যেকোনো একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য কলেজের গর্ভনিং বডির সভাপতিকে নির্দেশনা দেন। বর্ণিত পত্রে ১০ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হলেও প্রায় ৪ মাস ধরে পত্রটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপন রাখেন। বিষয়টি সাম্প্রতিককালে জানাজানি হলে কলেজের শিক্ষকদের মধ্যে তীব্র বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করে । পত্র গোপন রেখে দায়িত্ব পালনকে অনেকেই প্রতারণার সাথেও তুলনা করছেন।
অভিযুক্ত জ্যোতিষ চন্দ্র সাহা রায় পত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, ‘কলেজে নিয়মিত গভর্নিং বডি না থাকায় বিষয়টি উপস্থাপন করা হয়নি।’
কলেজের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। কমিটি গঠনের পর সভায় আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।