
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ), মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বি.টি.এ) কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শামীম আল মামুন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
বাংলাদেশ শিক্ষক সমিতি, মধুপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (স্বপন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকারসহ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাধারণ শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষক সমাজের অধিকার আদায়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ।