
মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ দেলোয়ার হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে এসআই শাহিনূর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় শিবপুর সার্কেলের পুলিশ সুপার রায়হান সরকার ও মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ দুলাল আকন্দের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতিরদিয়া বাজার থেকে হাতিরদিয়া গ্রামের মৃত শেখ নূরুজ্জামানের ছেলে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে ঢাকা কোতয়ালী থানায় মামলা নং ৯২৭/২২ দায়ের ছিল। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল দায়রা নং ৫১৮৯/২৩ মামলায় তাকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই মামলার রায় অনুযায়ী তাকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে মনোহরদী থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান অভিযান পরিচালনাকারী এসআই শাহিনূর ইসলাম।