
মো:আরিফুল ইসলাম
যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মরা গরুর মাংসসহ দুই কসাই জনতার হাতে ধরা পড়েছেন। সোমবার সন্ধ্যায় স্থানীয় রেলস্টেশন সংলগ্ন কলাবাগান থেকে জনগণ তাদের ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। আটকরা হলেন যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার আব্দুল গনির ছেলে তরিকুল ও টালিখোলার বাবু। তারা পালবাড়ি মোড়ে দেশি এড়ে গরু হিসেবে মাইকিং করে ৬শ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করে থাকেন। তবে কসাই তরিকুল মরা গরুর অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তারা রুগ্ন গরু জবাই করেছেন।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় পালবাড়ি এলাকার কয়েকজন কসাই চুড়ামনকাটি রেলস্টেশনের পাশের একটি কলাবাগানে মরা গরু জবাই করেছেন বলে জানতে পারেন। পরে তারা জোটবদ্ধভাবে সেখানে গিয়ে মাংসসহ কসাই তরিকুল ও বাবুকে ধরে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে নিয়ে যান।