ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। বন্ধুর ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রই যথেষ্ট। বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনে ভোট হয় বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও মহাজোটের অন্যতম নেতা কমরেড দিলীপ বড়ুয়া।
রাজনীতি এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে শনিবার মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি দমদমায় এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের নাম দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, যা ভিয়েনা কনভেনশন পরিপন্থি। বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্ব ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। বাংলাদেশ চাইলে চীন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
দেশের উন্নয়নের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বল৷ মনে করেন সাবেক এই শিল্পমন্ত্রী, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তার মতো ম্যানেজ্যাবল লিডার এশিয়ায় বর্তমানে নেই। দেশে বর্তমানে দুটি প্রধান সমস্যা হলো তিস্তা ব্যারাজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না এলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল অংশ নেবে জানিয়ে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।
সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালে আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট দির্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া, চিরজিৎ বড়ুয়া প্রমুখ।
