
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের উত্তর ভাষাপাড়া গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম মো. হেলাল উদ্দিন, পিতা মৃত আফতাব খন্দকার।
গত ১৩ মে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি ফুলছড়ি উপজেলার উত্তর ভাষাপাড়া গ্রামে, পোস্ট অফিস ভবানীগঞ্জ।
অভিযান পরিচালনাকারী বাহিনী জানায়, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকেও একাধিক অভিযোগ ছিল।
অভিযানের সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
এদিকে, এলাকায় এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।”