
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাবি প্রতিনিধি
স্বৈরাচারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের উদযাপনও পেয়েছে নতুন ছোঁয়া। রমজানের চাঁদ ওঠার দিনেই রমজানকে স্বাগত জানিয়ে র্যালির আয়োজন করে ঢাবি শিক্ষার্থীরা। ঢাবির বিভিন্ন হলকেও নবরূপে সাজিয়ে তোলা হয়েছে।
এবার রমজানের আগমনে মনোরম সৌন্দর্যের ছোঁয়া লেগেছে ইসলামিক স্টাডিজ বিভাগে। ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব (ডিআইএসসিসি) এ উদ্যোগ গ্রহণ করে। রঙিন কাগজ, ব্যানার, চাঁদ-তারকার নকশা এবং বেলুনের মাধ্যমে বিভাগকে সাজিয়ে তোলা হয়। কোরআন ও হাদিসের উদ্ধৃতিসহ রমাজানের গুরুত্ব ও তাৎপর্য সম্বলিত দেয়ালিকাও শোভা পাচ্ছে ইসলামিক স্টাডিজ বিভাগে।
রমজানকে কেন্দ্র করে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। তারা জানান, একটা সময় চাইলেও এমন আয়োজন করার স্বাধীনতা ছিল না। এবারের রমজানটা আমাদের জন্য সত্যিই আনন্দের।
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ সেশানের শিক্ষার্থী সুমাইয়া আক্তার উচ্ছ্বাস প্রকাশ করে ভোরের বাংলা নিউজকে জানান, রমাদান উপলক্ষে বিভাগ সাজানোর যে সুন্দর একটা আয়োজন করা হয়েছে, তাতে আমার অনেক বেশিই প্রশান্তি কাজ করছে। কেননা এমন উদ্যোগের মাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগের ঐতিহ্য রক্ষিত হয় এবং এটা রমাদানের একটা স্নিগ্ধ আমেজ ছড়িয়ে দেয়। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, পূর্বের ফ্যাসিবাদী সরকার ব্যবস্থায় ব্যক্তিগতভাবে অথবা কোনো মাধ্যম ক্লাব থেকে এমন আয়োজন করার সুযোগ ছিলনা। এমন উদ্যোগ নিতে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হতো। আলহামদুলিল্লাহ জুলাইয়ের অভ্যুত্থানে জালিম সরকারের পতনে ইসলামের ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করার পথ সুগম হয়েছে এবং শিক্ষার্থীরা স্বাধীনভাবে মাহে রমজানকে স্বাগত জনাতে পারছে।