
লালমোহন প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ৭ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকার ৪ সন্তানের জনক বৃদ্ধ মো. আলমের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।
জানা গেছে, ওই শিশু তার বাবা-মায়ের সঙ্গে ঢাকার নিউ মার্কেট এলাকায় থাকতো। গত সপ্তাহে লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া এলাকায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে সে। বুধবার সকালে পার্শ্ববর্তী খালার বাড়িতে গেলে স্থানীয় কচুওয়ালাগো বাড়ির ৪ সন্তানের জনক বৃদ্ধ মো. আলম তাকে খাওয়ার জন্য কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন লাউয়ের ক্ষেতের মধ্যে নিয়ে বলাৎকার করেন। আলম ওই শিশুর দূরসর্ম্পকের মামা হন। বৃদ্ধের বলাৎকারের শিকার হয়ে সে চিৎকার দিলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে বৃদ্ধ আলমের এমন জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে স্থানীয় মো. জসিম, নূরনবী, রাসেল এবং জয়নাল আবেদিনসহ একাধিক ব্যক্তি বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে এরআগেও ধর্ষণসহ একাধিক অপকর্মের অভিযোগ রয়েছে। আমরা তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। না হলে তিনি একের পর এক এ ধরনের কাজ করেই যাবেন।
তবে এ অভিযোগের ব্যাপারে জানতে বৃদ্ধ মো. আলমের ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠিয়েছি। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।