
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় তিনতলা বাড়ির সিঁড়ি রুমের ছাদ (চিলেকোঠা) থেকে পা ফসকে পড়ে গিয়ে মনিরুজ্জামান (মিলন) ৩৮ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ মে) রাত ৯টার দিকে উপজেলা সদর রায়েন্দা হাসপাতালের পেছনে এঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরতর আহত মিলনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
দূর্ঘটনায় নিহত মনিরুজ্জামান মিলন উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে ও শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আল মদিনা ফার্মেসীর মালিক সোহাগ হাওলাদারের বড় ভাই।
এঘটনায় সোহাগ হাওলাদার জানান,তার বড় ভাই মনিরুজ্জামান মিলন গত তিনবছর আগে সৌদি থেকে দেশে চলে আসেন। রায়েন্দা হাসপাতলের পেছনে তার তিনতলা একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি ভাড়া দিয়েই তার সংসার চলে। পরিবারে স্ত্রীসহ দুই ছেলে রয়েছে। গতকাল রাত ৯টার দিকে ঝড় বৃষ্টির সময় মিলন তার নিজ বাড়ির তিনতলার চিলেকোঠার ছাদে ওঠেন । সেখান থেকে অসাবধানতাবসত পা ফসকে তিনতলার ছাদে পড়ে মাথায় আঘাত লাগে। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ওইরাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব কুমার সাধক বলেন,মিলন নামে ওই ব্যক্তিকে রাত ৯ টার দিকে হাসপাতালে আনা হয়। তবে,হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় মারাত্মক আঘাত লাগার কারনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
শরণখোলা থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন,গতকাল রাতে ঝড়ের সময় মনিরুজ্জামান নামে এক ব্যক্তি দূর্ঘটনাকবলিত হয়ে মারা গেছে। এঘটনায় কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে মনিরুজ্জামান মিলনের আকষ্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ##