
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড তিন দিনের শুভেচ্ছা সফরে বুধবার বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। এ সময় সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তারা শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে বোঝাপড়ার সমন্বয় ঘটবে। এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেইসঙ্গে উন্নত বিশ্বের নৌপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বেগবান হবে নৌবাহিনীর উৎকর্ষ।
আইএসপিআর আরও জানায়, মার্কিন নৌবাহিনীর জাহাজটি সফর শেষে কাল ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।