
জান্নাতুল বাকী
শেরপুর জেলা প্রতিনিধি
“মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুর জেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অনুষ্ঠানে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া।
বক্তারা বলেন, ‘সামাজিক মূল্যবোধ তৈরিতে ধর্ম একটি অন্যতম প্রধান বাহন হিসেবে কাজ করে। ধর্ম মানুষকে আত্ম সংযমি করে তোলে, অসামাজিক আচরণ থেকে সরিয়ে নিয়ে এসে বিশুদ্ধ সমাজ গরে তোলার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা অপরিসীম। আজকের শিশুদের মাধ্যমে আমরা আগামীতে একটি সভ্য জাতিতে পরিণত হবো। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিশুরা যাতে মোবাইলে আসক্ত হয়ে না পড়ে সেদিকে নজর রাখার পাশাপাশি শিশুদের বিকাশ শুলভ খেলা ধুলার দিকে ধাবিত করতে হবে।’
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শেরপুর জেলার সহকারী প্রকল্প পরিচালক শামীম আহমেদ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।