
তুষার দেব
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থেকে ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দুর্গন্ধময় ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান সংশ্লিষ্টদের কাছে।
আজ (২৯ আগস্ট) সকালে কলেজ রোডস্থ আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে শহরের শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার কয়েক’শ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা প্রথমে সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি কলেজ সড়ক হয়ে চৌমুহনীতে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
কর্মসূচি পালনকালে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, স্কুল কলেজের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে দীর্ঘদিন যাবত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীদের। এই ভাগাড়ে প্রতিদিন শহরের সব ময়লা আবর্জনা ফেলা হয়। এতে অনেকেই প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। ক্লাস চলাকালীন সময়ে বাতাসের ছড়িয়ে পরা দুর্গন্ধে লেখাপড়ায় মনোযোগ ব্যাহত হয় আমাদের। সংশ্লিষ্টদের কাছ থেকে বারবার আশ্বাস পেয়েও এখন অবদি এর সমাধান হয়নি। তাই অসহনীয় দুর্গন্ধযুক্ত এই ময়লার ভাগাড়টি দ্রুত স্থানান্তরের দাবী জানাচ্ছি আমরা।
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোছাঃ শাহিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের ময়লার ভাগাড় অপসারণের দাবি অত্যন্ত যৌক্তিক। মানববন্ধন শেষে আমি ময়লার ভাগাড়টি সরেজমিনে পরিদর্শন করেছি। আমি যতটুকু জেনেছি, পৌরসভার পক্ষ থেকে এটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আইনি জটিলতার কারণে এই কাজটি অসম্পূর্ণ রয়ে যায়। পৌরসভায় আমি নতুন দায়িত্ব পেয়েছি। স্থানীয় জনগণের পূর্ণ সহযোগিতা পেলে আমরা দ্রুতই এটি অপসারণের উদ্যোগ নিব। এছাড়া তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে অনুরোধ জানান।