
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার বন্দরবাজার সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী বাইপাস সড়কটি স্থানীয়দের কাছে “মিনি কুয়াকাটা” নামে পরচিত। যেখানে প্রতিদিন বিকেলে স্থানীয় ও পর্যটকদের আনাগোনা দেখা যায়। এটি বরিশাল জেলার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে সন্ধ্যায় সূর্যাস্ত ও নদীর শান্ত পরিবেশ উপভোগ করা যায়।
প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামতেই নদীপাড়ে জমে ওঠে ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলা। প্রকৃতির শান্ত পরিবেশ আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা।
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বানারীপাড়া ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত। এই সড়কের মিডেল পয়েন্টে হাসপাতালে যাওয়ার বিলুপ্তপ্রায় খালের উপর ব্রীজে বসে বন্ধু-বান্ধবের আড্ডখানা। এক পাশে ব্যস্ত বন্দরবাজার আর অন্য পাশে শান্ত সন্ধ্যা নদী—এই দ্বৈত সৌন্দর্যই পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। সূর্যাস্তের সময় নদীর জলে প্রতিফলিত সূর্যের আলোকরশ্মি এতটাই মনোমুগ্ধকর যে অনেকেই একে ‘মিনি কুয়াকাটা’ বলে অভিহিত করেন।
বাইপাস সড়কের আশপাশে গড়ে উঠেছে কয়েকটি খাবারের দোকান ও চায়ের আড্ডাখানা। এখানে মেলে হালিম, ফুচকা, চটপটি, সহ নানা মুখরোচক খাবার। ফেরিঘাট এলাকায় রয়েছে ১২-১৫ রকমের ঘরোয়া আচার বিক্রির দোকান, যা বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। সন্ধ্যা হতে না হতেই বসে যায় স্থানীয় জেলেদের মাছের বাজার, যেখানে পাওয়া যায় তাজা ইলিশ সহ নানান জাতের নদীর মাছ। নদীর এই জ্যান্ত মাছ কিনতে প্রচুর লোক সমাগম হয়ে থাকে।
তবে পরিকল্পনার অভাবে দর্শনার্থীদের সুবিধার দিকটি এখনও যথাযথভাবে গড়ে ওঠেনি। নেই কোনো পাবলিক টয়লেট বা শিশুদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা। বিশ্রাম নেওয়ার মতো বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারনে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়রা মনে করছেন, যদি এলাকাটিকে পরিকল্পিতভাবে সাজানো হয় এবং বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের আদলে উন্নয়ন করা যায়, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এতে শুধু বানারীপাড়া নয়, পুরো বরিশালবাসীর জন্য তৈরি হবে নতুন একটি আনন্দঘন অবসর যাপনের ঠিকানা ও বিনোদন কেন্দ্র।
একসময় যেখানে খোলামেলা হাঁটার মতো জায়গা ছিল না, আজ সেই বানারীপাড়ার মানুষ নির্বিঘ্নে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারছেন মিনি কুয়াকাটা খ্যাত বাইপাস সড়কে। সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা এই নতুন বিনোদন স্পট এলাকাবাসীর জন্য হয়ে উঠছে স্বস্তির পরশ। যথাযথ পরিকল্পনা ও নজরদারি পেলে এই ‘মিনি কুয়াকাটা’ হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।