
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহ ও পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর ওই প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান মিয়া প্রায় ১৫ বছর আগে জহুরা আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা স্বাভাবিকভাবেই সংসার করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, হাসান মিয়ার বাড়ির পাশের একটি এনজিওতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। কাজের সূত্রে হাসানের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সেই পরিচয় থেকে রাজু মিয়ার সঙ্গে হাসানের স্ত্রী জহুরা আক্তারের সম্পর্ক তৈরি হয়, যা পরে পরকীয়ায় রূপ নেয়।
হাসান মিয়ার দাবি, গত ৭ মে তার স্ত্রী জহুরা আক্তার রাজু মিয়ার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও পরে তিনি ভিন্ন সিদ্ধান্ত নেন।
হাসান মিয়া বলেন, “সে আমার স্ত্রীকে নিয়ে গেছে। পরে আমি তার স্ত্রীকে নিয়ে এসে বিয়ে করেছি। আমার সঙ্গে যা হয়েছে, তার প্রতিবাদ ও প্রতিশোধ হিসেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
জানা গেছে, চলতি মাসের ৪ জুন রাজু মিয়ার স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ সাতক্ষীরা থেকে মির্জাপুরে আনা হয়। পরে স্থানীয়ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে রাজু মিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশ একে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকেই বলছেন, এ ধরনের ঘটনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ ও দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে এখনও নানা আলোচনা অব্যাহত রয়েছে।