
রিয়া মনি
বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগ নেতার একমাত্র ছেলের রহস্যজনক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবার দাবি করছে, এটি দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
নিহত অনিম সরদার (২২) গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন সরদারের একমাত্র ছেলে। স্বপন জানান, গত ২২ জুন সন্ধ্যায় তার ছেলে অনিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দক্ষিণাঞ্চলের মাদক কারবারি হীরা মাঝির ঘনিষ্ঠ সহযোগী শাওন দেওয়ান। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনিম ও শাওন ছিলেন হীরা মাঝির নীলখোলা এলাকার বাসায়।
স্বপনের কথা, “রাত ১২টার দিকে জানানো হয়, অনিম সাউদের খালপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে গেলেও কোনো দুর্ঘটনার আলামত পাইনি।” পরদিন ২৩ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনিম মারা যান।
তিনি আরও বলেন, “হীরা মাঝির বাসা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। আমি ফুটেজ দেখতে চাইলে তারা জানায় ফুটেজ রেকর্ড হয় না। এতে মৃত্যুর ঘটনা নিয়ে আমাদের অনেক প্রশ্ন জাগছে।”
অন্যদিকে, হীরা মাঝি দাবি করেন, “আমার বাসায় অনেকদিন ধরে সিসিটিভি লাইন নেই। ওইদিন আমরা পুরনো বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আমার স্ত্রী, শাওন ও অনিম আহত হয়। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিম মারা গেলেও আমার স্ত্রী ও শাওন এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।”
এ বিষয়ে মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”