
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
“হিজাবোফোবিয়া: দৃষ্টির আড়ালে ফ্যাসিবাদের যে চিত্র” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ভিক্টিমদের জবানবন্দি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ প্রোগ্রাম শুরু হয়। প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিউ (Protest Against Hijabphobia in DU) প্ল্যাটফর্মের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক ও প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিউ-এর উদ্যোক্তা জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এতে সভাপতিত্বে করেন। প্রাবন্ধিক ও স্বাতন্ত্র্যবাদী বুদ্ধিজীবী ডাঃ ফাহমিদুর রহমান, আলেম লেখক ও বুদ্ধিজীবী মুসা আল হাফিজ, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথির বক্তব্যে ডাঃ ফাহমিদুর রহমানের আলোচনায় উঠে আসে, হিজাবোফোবিয়াকে খুঁজতে হবে উপনিবেশবাদের মধ্যে। তিনি আলজেরিয়াতে হিজাবী নারীদের আজাদী আন্দোলন ও পাশ্চাত্যের উপনিবেশবাদী চিন্তাকে মনোচিকিৎসক ফ্র্যাঞ্চ ফাঁনোর চিন্তা-দর্শনের আলোকে তুলে ধরেন। এ সময় তিনি জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মেয়েদের পাশাপাশি হিজাবী মেয়েদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মূল নাম ছিল ইশারাত মঞ্জিল। ঢাকার ওপর কলকাতার আগ্রাসনবাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবোফোবিয়াকে দূর করতে হলে মধুর ক্যান্টিনের নীচে চাপা পড়া ইশারাত মঞ্জিলকে পুনরায় উদ্ধার করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব ও নিকাব ব্যবহারের জন্য পরীক্ষা কেন্দ্র ও ভাইবা বোর্ডে বৈষম্যের শিকার হওয়া নারী শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।