
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেন, “আমি বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না যে আমি অনেক বড় কিছু। আমি আপনাদেরই সন্তান। যখন খুশি তখন ডাকবেন। কোটচাঁদপুর-মহেশপুরের মানুষ কখনো ভাববেন না আমি আপনাদের নই। অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকবো।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি বলে এ অঞ্চলের উন্নয়ন থেমে থাকবে— এমন ধারণা সঠিক নয়। বিএনপির শাসনামলে এ এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়াত এমপি শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজগুলোও সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস.কে.এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু সহ দলীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম মাওলানা নরুন নবী আশিকী।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।