
প্রতিনিধি নরসিংদী :
ওলামা মাশায়েখ পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন’২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর ও নারায়ণগঞ্জ দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমী, নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুমরাদী ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতী আব্দুল জলিল, জামেয়া কাসেমিয়া মসজিদ কমপ্লেক্সে ইমাম মাওলানা মোস্তফা আমিন, ইছাখালী ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন, নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আতিকুল্লাহ, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম সহ আরো অনেকে।
এসময় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, রায়পুরা পশ্চিম থানা আমীর মাওলানা আদিল ভূইয়া সহ জেলার কওমি ও আলিয়া মাদরাসার চার শতাধিক ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. সামিউল হক ফারুকী বলেন, ‘ইসলাম একটি সার্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সকল ধর্মের মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করেছে। আলেমদের মসজিদ, মাদরাসার পাশাপাশি সমাজ গঠনের এগিয়ে আসতে হবে। জনগণের সুখে-দুঃখের অংশীদার হতে হবে। সর্বোপরি দ্বীন কায়েমের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
ড. খলিলুর রহমান মাদানী বলেন, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় আলেম সমাজের ঐক্যের কোন বিকল্প নেই। আলেমদের মতভেদ থাকতে পারে কিন্তু মনে কোন বিভেদ থাকবে না।